ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ফরহাদ হোসেন (২৫) উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও মো. আরেফীন (১৯) মিরসরাই কলেজ ছাত্রলীগের সদস্য।
ফরহাদ হোসেনের মামাতো ভাই আকমল হুদা প্রথম আলোকে বলেন, গত রোববার রাতে ফরহাদসহ পাঁচজন আমবাড়ীয়া সড়কে হাঁটছিলেন। এ সময় মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী ফরহাদ ও আরেফীনের ওপর হামলা চালায়। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরহাদের বাঁ-হাতের কনুইয়ে এবং আরেফীনের হাতে, পিঠে ও কাঁধে জখম হয়।
এদিকে এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে ছাত্রলীগের একটি পক্ষের বিরুদ্ধে মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলামের ব্যক্তিগত কার্যালয়ে হামলা করার অভিযোগ উঠেছে। পৌর সদরে তাঁর কার্যালয় অবস্থিত। তিনি বলেন, দুজনকে কোপানোর ঘটনায় ছাত্রলীগের একটি পক্ষ মিছিল নিয়ে এসে তাঁর কার্যালয় ভাঙচুর করেছে। মিছিলে ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এমরান হোসেন।
তবে ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে এমরান হোসেন বলেন, ছাত্রলীগের দুই নেতাকে প্যানেল মেয়রের এলাকায় কুপিয়ে জখম করা হয়। ঘটনার প্রতিবাদে নেতা-কর্মীরা মহাসড়কে মিছিল শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সভা করেন। এরপর যে যার মতো করে চলে যান। প্যানেল মেয়রের কার্যালয়ে ভাঙচুর করার প্রশ্নই ওঠে না।
মিরসরাই থানার এসআই তৌফিকুল ইসলাম বলেন, দুজনকে কুপিয়ে আহত করার ঘটনায় কেউ পুলিশের কাছে অভিযোগ করেননি।