ছাত্রলীগের দুই নেতাকে পিটুনি
ঝিনাইদহে জুতা কেনা নিয়ে সৃষ্ট গন্ডগোলের সময় ব্যবসায়ীরা ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়েছেন। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের বঙ্গবন্ধু সড়কে বালিকা বিদ্যালয় মার্কেটের ড্যান্ডি শুর স্টোরে এ ঘটনা ঘটে।
আহত দুই নেতাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন জেলা ছাত্রলীগের বিদায়ী কমিটির যুগ্ম সম্পাদক আসলাম হোসেন ও সদস্য রাশেদ আলী। তাঁদের বাড়ি শহরের আরাপপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ছাত্রলীগের দুই নেতা দোকান থেকে জুতা কিনে টাকা বাকি রাখার কথা বলে চলে যাচ্ছিলেন। এ সময় দোকানের মালিক এমদাদ হোসেন টাকা চাইলে তাঁর ওপর ক্ষুব্ধ হন নেতারা। ঘটনা দেখে পাশের দোকানদারেরা এগিয়ে আসেন। শুরু হয় উভয়ের মধ্যে বচসা। একপর্যায়ে দোকানিরা উত্তেজিত হয়ে ওই দুই নেতাকে পিটুনি দেন। পরে পথচারীরা এগিয়ে এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
চিকিৎসাধীন ছাত্রলীগ নেতারা দাবি করেন, দোকানের মালিকের সঙ্গে তাঁদের লেনদেন রয়েছে। তাঁর কাছে কিছু টাকা পাওনা রয়েছে। ওই টাকা থেকে জুতার দাম কেটে রাখতে বলেছিলেন তাঁরা। কিন্তু তিনি সেটা না করে লোকজন জড়ো করে তাঁদের মারধর করেন। তবে এমদাদ হোসেন জানান, তাঁরা (নেতারা) কোনো টাকা পাবেন না। বাকি না দেওয়ায় গোলমাল করেছেন। এখন মিথ্যা তথ্য দিচ্ছেন।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) জিয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় এমদাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।