বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে এক সমাবেশে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিতে রয়েছে ৩ মে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ৫ মে দেশব্যাপী মানববন্ধন এবং ১১ মে বুয়েট শহীদ মিনারে সংহতি সমাবেশ।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করাকে ‘অবিচার’ হিসেবে উল্লেখ করে ফেসবুকে মন্তব্য করায় সম্প্রতি বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলমকে লাঞ্ছিত করেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এ ঘটনায় গত ২০ এপ্রিল বুয়েট ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদকে আজীবনের জন্য বহিষ্কার করে বুয়েট কর্তৃপক্ষ।
এই বহিষ্কারের প্রতিবাদে এবং ওই শিক্ষকের বিচারের দাবিতে গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। পরে ডাকসু ভবনের সামনে সমাবেশ হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে বদিউজ্জামান বলেন, এই ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। কামারুজ্জামানের ফাঁসির বিপক্ষে কথা বলার পরও ওই শিক্ষকের বিরুদ্ধে এখনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর কর্মসূচি দেওয়া হবে।