সিরাজগঞ্জের কাজীপুরে এক তরুণীকে যৌন নির্যাতনের চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানা ও নাটুয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলমকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে এই দুই নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
নির্যাতনের চেষ্টার ঘটনায় ওই ছাত্রী কাজীপুর থানায় মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের অপর চার কর্মী হলেন কাজীপুর উপজেলার চরগিরিস এলাকার হজরত আলীর ছেলে ফরহাদ হোসেন, আমির উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ, শেজাব শেখের ছেলে মুকুল হোসেন ও আবদুল হামিদের ছেলে আল-আমিন।
এ দিকে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। গতকাল শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এ–সংক্রান্ত একটি চিঠি সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কাছে পাঠানো হয়েছে।
কাজীপুর থানা-পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বগুড়ার শেরপুর উপজেলার এক ছাত্রী সহপাঠীকে নিয়ে কাজীপুর উপজেলায় তাঁর খালাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। পথে নাটুয়াপাড়া চর এলাকায় ছাত্রলীগ নেতা সোহেল ও আশরাফুল তাঁদের কটূক্তি করেন। বৃহস্পতিবার বিকেলে ফিরে যাওয়ার সময় ওই চরে পৌঁছালে সোহেল ও আশরাফুল চার বন্ধুকে নিয়ে তাঁদের পিছু নেন। একপর্যায়ে তাঁদের চরের মধ্যে নিয়ে যান এবং নির্যাতনের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ রাতে গিয়ে চর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে ফরহাদ হোসেন, নুর মোহাম্মদ, মুকুল হোসেন ও আল-আমিনকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্যমতে ছাত্রলীগের নেতা সোহেল ও আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরামুল হক বলেন, ‘দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ওই দুই ছাত্রনেতাকে বহিষ্কারের চিঠি পেয়েছি।’