ছাত্রলীগের দুই পক্ষে আবারও গুলি, তিনজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষে আবারও পরস্পরকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। গত শনিবার রাতের এ ঘটনায় এক পক্ষের তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে গত সাত দিনে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে তিনবার গুলির ঘটনা ঘটল।
গুলিবিদ্ধরা হলেন পালি বিভাগের ছাত্র শুভাগত বড়ুয়া, সমাজতত্ত্ব বিভাগের আকিব রাসেল এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃিত বিভাগের ফরহাদ হোসেন। এঁদের মধ্যে শুভাগত মুখে আর আকিব পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গুলিবিনিময়ের সঙ্গে জড়িত ছাত্রলীগের এক পক্ষে রয়েছে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স), অপর পক্ষে আছে চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) ও ক্যাম্পাস ছাত্রলীগ। আহত তিনজনই ভিএক্স পক্ষের কর্মী বলে জানা গেছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের এ দুটি পক্ষের মধ্যে গত এক বছরে একাধিকবার সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। দুটি পক্ষই নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত একটার দিকে ভিএক্স পক্ষের কর্মীরা শাহজালাল ছাত্রাবাসের ভেতর থেকে এবং সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগের নেতা-কর্মীরা আমানত ছাত্রাবাসের সামনে থেকে গুলি করতে থাকেন। এ সময় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে উভয় পক্ষে ২০-২৫টি গুলি ছোড়া হয়। পুলিশ পৌঁছার পর সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটকের দিকে চলে যায়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছাত্রলীগের ভিএক্স পক্ষের নেতৃত্বে আছেন সংগঠনের বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক জালাল আহমেদ এবং গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান। অন্যদিকে সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগের নেতৃত্বে আছেন বিলুপ্তি কমিটির সহসভাপতি অমিত কুমার বসু ও যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুন।
হাবিবুর রহমান প্রথম আলোকে অভিযোগ করেন, ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির হায়দারের অনুসারীরা শিবিরের যোগসাজশে আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের তিন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।’
অপর পক্ষের নেতা অমিত কুমার বসু এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হয়তো তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই এ ঘটনা ঘটেছে। এতে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’
পুলিশের হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মী ফরহাদ হোসেন বাদী হয়ে গতকাল সন্ধ্যায় মামলা করেছেন। এতে সুমন মামুনকে প্রধান আসামি করে আরও ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার পর বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটক এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।
এর আগে গত রোববার ও মঙ্গলবার রাতেও ছাত্রলীগের এ দুটি পক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটে।