ছাত্রলীগের দুই পক্ষে আবারও সংঘর্ষ, আটক ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গতকাল শুক্রবার দুপুরে আবারও পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ বিশ্ববিদ্যালয়ের দুটি হলে তল্লাশি চালিয়ে ৪০টি রামদা, বিপুল পরিমাণ রড ও লাঠিসোঁটা উদ্ধার করে। দুটি হল থেকে আটক করা হয় ৩০ জনকে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল দুপুর ১২টায় শাহ আমানত হলে ফাহিম হাসান নামের এক কর্মীকে মারধর করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বীর অনুসারীরা। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারীদের সঙ্গে সাধারণ সম্পাদকের অনুসারীদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে সংঘর্ষ পাশের শাহজালাল ছাত্রাবাসেও ছড়িয়ে পড়ে। এ সময় এক পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দুদিন ধরে মারামারি চলছিল। উত্তেজনাকর পরিস্থিতিতে আমরা আজ (শুক্রবার) বেলা দুইটায় শাহজালাল ও শাহ আমানত হলে তল্লাশি করে ৩০ জনকে ধরেছি। এ সময় দুটি হল থেকে ৪০টি রামদা ও লোহার রড এবং কিছু লাঠিসোঁটা উদ্ধার করেছি। জিজ্ঞাসাবাদের জন্য ৩০ জনকে হাটহাজারী থানায় নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে আমরা মামলা নেব।’

এর আগে গত বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে চট্টগ্রাম নগর থেকে একটি শাটল ট্রেন ক্যাম্পাসে পৌঁছানোর পর বিশ্ববিদ্যালয় স্টেশনে ছাত্রলীগের দুই পক্ষের কর্মী-সমর্থকেরা বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর জের ধরে শাহ আমানত ও শাহজালাল হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১৯ জন আহত হন। আহত ছাত্ররা সবাই সাধারণ সম্পাদক ফজলে রাব্বির অনুসারী। বৃহস্পতিবার রাতে সংঘর্ষের পর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে গতকাল দুপুরে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় সভাপতির অনুসারীরা শাহজালাল হলে এবং সাধারণ সম্পাদকের অনুসারীরা শাহ আমানত হলে অবস্থান নেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী সাংবাদিকদের বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষের বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, ‘বৃহস্পতিবার রাতে ঝামেলার পর আমরা বিষয়টি মীমাংসা করেছিলাম। কিন্তু আজ (শুক্রবার) দুপুরে আবার ঝামেলা হয়েছে। পুলিশ রেইড (তল্লাশি) দিয়েছে। এখন আর বেশি কিছু বলতে পারছি না।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, ‘কোনো এক অশুভ শক্তির ইন্ধনে পুলিশ হলে ঢুকে আমার নেতা-কর্মীদের ওপর হামলা চািলয়েছে। সুষ্ঠু তদন্ত করে হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। নইলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।’