ছাত্রলীগের দুই পক্ষে গোলাগুলি, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর হাসপাতাল চত্বরে গতকাল শনিবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে সংগঠনটির এক নেতাকে আটক করেছে। তিনি হলেন গাজীপুর মহানগর ছাত্রলীগের আহ্বায়ক শেখ মোস্তাক আহমেদ।
পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার গাছা ছাত্রলীগের সদস্য সাদ্দাম হোসেন (২৫) গতকাল বোর্ডবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে ধীরাশ্রম এলাকা হয়ে জেলা শহরে যাচ্ছিলেন। পথে ধীরাশ্রম এলাকায় ছাত্রলীগের স্থানীয় কর্মী মো. পলাশ ও তাঁর সহযোগীরা সাদ্দামের গতিরোধ করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা সাদ্দামকে বেধড়ক পিটুনি দিয়ে জখম করে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন সাদ্দামকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে গাছা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান ও তাঁর সহযোগীরা হাসপাতালে সাদ্দামকে দেখতে যান। কিছুক্ষণ পর মহানগর যুবলীগের সদস্য সুমন মোল্লা তাঁর বাড়ির এক ভাড়াটেকে চিকিৎসার জন্য ওই হাসপাতালে নিয়ে যান। এ সময় তিনি হাসপাতালের জরুরি বিভাগের শয্যায় আহত সাদ্দামকে দেখতে পান। তিনি সাদ্দামের কাছে যাওয়ামাত্র সেখানে উপস্থিত ছাত্রলীগের নেতা-কর্মীরা সুমন মোল্লার ওপর চড়াও হন। পরে সুমন মোল্লা ঘটনাটি মহানগর ছাত্রলীগের আহ্বায়ক শেখ মোস্তাক আহমেদকে মুঠোফোনে ঘটনাটি জানান। মোস্তাক ১০-১২ জন সহযোগী নিয়ে হাসপাতালের ফটকে পৌঁছে পাঁচ-ছয়টি গুলি ছোড়েন। একপর্যায়ে হাসপাতালে অবস্থান করা গাছা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান শটগান দিয়ে একাধিক ফাঁকা গুলি করেন। তখন তাঁর সহযোগীরাও পিস্তল দিয়ে কয়েকটি গুলি ছোড়েন। এ সময় হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। লোকজন দিগ্বিদিগ ছোটাছুটি করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল থেকে মোস্তাক আহমেদকে আটক করে।
মহানগর যুবলীগের সদস্য সুমন মোল্লা জানান, তিনি সাদ্দামের কাছে যাওয়ামাত্রই মশিউরের সহযোগীরা তাঁর ওপর চড়াও হন। মশিউর তাঁর লাইসেন্স করা শটগান দিয়ে একাধিক ফাঁকা গুলি করেন। একপর্যায়ে মশিউরের সহযোগীরাও পিস্তল দিয়ে কয়েকটি গুলি ছুড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
গাছা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান দাবি করেন, তিনি গুলি ছোড়েননি। হাসপাতাল এলাকায় গুলি ছুড়েছেন মোস্তাক, সুমন ও তাঁদের সহযোগীরা।
জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।