কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত শুক্রবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। কর্মীকে মারধরের জেরে এ সংঘর্ষে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের শরীরে গুলি লেগেছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগের কয়েকজন কর্মী প্রথম আলোকে বলেন, সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির অনুসারী তানভীর হোসেন সাধারণ সম্পাদকের অনুসারী কর্মী শাহজাহান ওরফে প্রিন্সকে মারধর করেন। গত শুক্রবার রাত ১০টার দিকে স্থানীয় ইউনিক মোড়ে এক চায়ের দোকানে এ নিয়ে তানভীর ও শাহজাহানের মধ্যে বিতণ্ডা হয়। একপর্যায়ে শাহজাহান তানভীরকে মারেন। এ খবর হলগুলোতে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের নেতা-কর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে কবি কাজী নজরুল ইসলাম হল ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের মাঝামাঝি মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে বেধে যায় সংঘর্ষ। প্রায় দেড় ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় গোলাগুলিও হয়। এতে সাধারণ সম্পাদকের অনুসারী আবুল কালাম আজাদের পায়ে ও সভাপতির অনুসারী মেসবাহ উদ্দিনের হাতে গুলি লাগে। খবর পেয়ে পুলিশ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গতকাল শনিবার রাত পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নাজমুল বহিরাগত লোকদের এনে দলীয় কর্মীদের ওপর হামলা করেছেন, গুলি করেছেন। এ অভিযোগ অস্বীকার করে সভাপতি নাজমুল হাসান আলিফ বলেন, ‘সাধারণ সম্পাদক রেজার অনুসারীরাই আমার কর্মীকে মারধর করেছে।’
উপাচার্য আলী আশরাফ প্রথম আলোকে বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রক্টর ও হল প্রভোস্টকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রক্টর আইনুল হক বলেন, ‘রোববার বিষয়টি নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সঙ্গে বসব।’