ছাত্রলীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। জিয়া হলের ছাত্রলীগের কর্মীদের ইটপাটকেলের আঘাতে নবনির্মিত একাত্তর হলের কিছু জানালার কাচ ভেঙে যায়। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী বলেন, জিয়া হলের ছাত্রলীগের কর্মী বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্র হারুনুর রশীদ বিজয় একাত্তর হলের দোকানে বাকি খেতে চান। দোকানের মালিক তাঁর পরিচয় জানতে চাইলে তিনি একাত্তর হলের শিক্ষার্থী হিসেবে নিজেকে পরিচয় দেন। সন্দেহ হলে একাত্তর হলের ছাত্ররা তাঁর পরিচয়পত্র দেখতে চান।
পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে এই হলের ছাত্রলীগের কর্মী ও সাধারণ ছাত্ররা মিলে হারুনুর রশীদকে মারধর করেন। খবর পেয়ে জিয়া হলের ছাত্রলীগের কর্মীরা রড ও লাঠিসোঁটা নিয়ে একাত্তর হলে হামলা করেন। এ সময় তাঁরা হলের ফটক ও ফটোকপির দোকান ভাঙচুর করেন। বিজয় একাত্তর হলের ছাত্রলীগ নেতা-কর্মীরাও তাঁদের ধাওয়া দেন। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
প্রক্টর সাংবাদিকদের বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিষয়টি মীমাংসা করা হয়েছে।