ছাত্রলীগের দুই পক্ষে বিরোধ, ৫৪ ছাত্রী হলের বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইডেন মহিলা কলেজের হল থেকে বের করে দেওয়া শিক্ষার্থীরা পর পর দুই দিন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির বাসার সামনে বিক্ষোভ করেছেন। কিন্তু সভাপতি তাঁদের সঙ্গে দেখা করেননি।
ছাত্রলীগের দুই পক্ষের বিরোধের জের ধরে কলেজ ছাত্রলীগের এক নেত্রী গত রোববার ৫৪ ছাত্রীকে হল থেকে বের করে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এঁদের মধ্যে চারজনের সঙ্গে ওই ছাত্রলীগ নেত্রীর বিরোধ আছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামানের সেগুনবাগিচার বাসার সামনে গিয়ে দেখা যায়, সেখানে ১৭-১৮ জন ছাত্রী দাঁড়িয়ে আছেন। তাঁরা মুঠোফোনে বদিউজ্জামানের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন।
জানতে চাইলে শিক্ষার্থীরা জানান, গত রোববার রাতে কলেজ শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ইসরাত জাহান কলেজের তিনটি হলের সাতটি কক্ষ থেকে মোট নয়জনকে পিটিয়ে বের করে দেন। পরদিন সোমবার আরও ৪৩ জনকে বের করে দেওয়া হয়। বিষয়টি তাঁরা কলেজের অধ্যক্ষকে জানান। কিন্তু অধ্যক্ষ তাঁদের বলেছেন, এটা রাজনৈতিক বিষয়, এখানে তাঁর কিছু করার নেই।
জানা গেছে, হল থেকে বের করে দেওয়া ৫৪ জনের চারজন ছাত্রলীগের স্থগিত কমিটির পদধারী নেত্রী। তাঁরা হলেন সহসভাপতি সোহানা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন শীলা ও ফাহমিদা বীথি এবং সাংগঠনিক সম্পাদক নার্গিস আক্তার। তাঁরা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের অনুসারী বলে জানা গেছে।
উপস্থিত ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ইসরাত জাহানের সঙ্গে এই চারজনের দুই মাস ধরে বিরোধ চলছিল। শনিবার ইসরাতের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে গেলে তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেন ইসরাত। একপর্যায়ে তিনি অনুসারীদের নিয়ে তাঁদের কয়েকজনকে মারধরও করেন। পরে অধ্যক্ষ ও পুলিশের সহযোগিতায় তাঁরা ক্যাম্পাসের বাইরে আসেন। পরদিন এই চারজনের সঙ্গে সখ্য আছে এমন আরও ৪৩ জনকে খুঁজে হল থেকে বের করে দেন ইসরাতের অনুসারীরা। অধ্যক্ষের কাছে এ ঘটনার প্রতিকার চেয়েও না পেয়ে তাঁরা গতকাল সন্ধ্যা সাতটার দিকে বদিউজ্জামানের বাসার সামনে যান। সেখানে দুই ঘণ্টা অবস্থান করলেও বদিউজ্জামান তাঁদের সঙ্গে দেখা করেননি। এর আগের দিন সন্ধ্যায়ও তাঁরা ছাত্রলীগ সভাপতির বাসার সামনে অবস্থান নিয়ে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেন।
হল থেকে বের করে দেওয়া ছাত্রলীগের নেত্রীরা অভিযোগ করেন, নতুন করে কমিটির কার্যক্রম শুরুর জন্য কেন্দ্রীয় কমিটিকে মোটা অঙ্কের টাকা দিতে হবে জানিয়ে ইসরাত তাঁদের প্রত্যেকের কাছে ১০ হাজার করে টাকা দাবি করেন। কিন্তু তাঁরা টাকা দেননি। এতে ক্ষিপ্ত হয়ে ইসরাত ও তাঁর অনুসারীরা তাঁদের হল থেকে বের করে দিয়েছেন।
জানতে চাইলে ইসরাত জাহান ছাত্রীদের বের করে দেওয়া ও টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘কলেজ ছাত্রলীগের সাবেক কমিটির সভাপতি জেসমিন শামীমার সঙ্গে আমার মনোমালিন্য থাকায় তাঁর ইন্ধনে রোববার কয়েকজন আমার ওপর হামলা করতে এসেছিল। আমি তাদের অধ্যক্ষের হাতে তুলে দিয়েছি।’
তবে জেসমিন শামীমা বলেন, ছাত্রলীগের সঙ্গে বর্তমানে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।
যোগাযোগ করা হলে ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ইডেন কলেজে ছাত্রলীগের কোনো কার্যক্রম নেই। সেখানে কেউ যদি ছাত্রলীগের নামে কিছু করে থাকে তাহলে সেটা কলেজের প্রশাসন দেখবে।’
ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ছাত্রলীগে সম্পাদকের অনুসারী, সভাপতির অনুসারী বলে কিছু নেই। সবাই ছাত্রলীগের কর্মী। আর সভাপতির বাসার সামনে ছাত্রীদের বিক্ষোভের বিষয়ে তিনি কিছু জানেন না।
গত রাতে বারবার যোগাযোগ করা হলেও কলেজের অধ্যক্ষ রওশন আরা মুঠোফোন ধরেননি।