কথা-কাটাকাটির জের ধরে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
কলেজ সূত্র জানায়, নগরের চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি নূর মোস্তফার অনুসারী সিনিয়র ও জুনিয়র কর্মীদের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে। আহত ছাত্ররা হলেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র মো. সোহেল, ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের মো. মনির ও অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. ইমন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সদস্য ইমতিয়াজ ইসলাম জানান, আহত ছাত্রদের অবস্থা আশঙ্কামুক্ত।
নূর মোস্তফা প্রথম আলোকে বলেন, বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে চকবাজার থানার ওসি নূরুল হুদা প্রথম আলোকে বলেন, দলীয় কোন্দলের জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পরে তাঁরা নিজেরাই সমঝোতা করেছেন।