নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে গতকাল সোমবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় ১০ জন আহত হয়েছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র এ কথা জানিয়েছে।
কলেজ সূত্র জানায়, কলেজের দরিদ্র তহবিলের টাকা নিয়ে কয়েক দিন ধরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এক পক্ষে আছেন কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম ওরফে স্বপন। অন্য পক্ষে আছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহেদ কামাল চৌধুরী ওরফে রিপন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে কলেজ ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটার আঘাতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ফখরুল ইসলাম, আজিমুর রহমান, আবদুল জলিল, সাদ্দাম হোসেন, মো. সজীব হোসেন, মো. ফয়সাল ও আবদুল্লাহ আল-মামুনের নাম জানা গেছে। ধারালো অস্ত্রের আঘাতে আহত আজিমুর রহমানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম অভিযোগ করেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহেদ কামাল সম্প্রতি দরিদ্র তহবিল থেকে ৫০ হাজার টাকা তুলে নেন। তিনি এর প্রতিবাদ করায় গতকাল তাঁদের ওপর হামলা চালানো হয়।
শাহেদ কামাল চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, দরিদ্র তহবিলের টাকা সম্পর্কে তিনি কিছুই জানেন না। ছাত্রশিবিরের কিছু কর্মী ছাত্রলীগে ঢুকে কলেজে ছাত্রীদের উত্ত্যক্ত করায় গতকাল তাঁদের পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ প্রথম আলোকে বলেন, তিনি ক্যাম্পাসের বাইরে আছেন। কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে বলে তিনি শুনেছেন। তিনি বলেন, দরিদ্র তহবিলের টাকা তুলে নেওয়ার অভিযোগ ঠিক নয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সামান্য পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।