সেমিনার কক্ষে বসা নিয়ে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে কলেজের ইংরেজি বিভাগের সেমিনার কক্ষে এ ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মারামারির ঘটনায় আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটলেও শ্রেণি কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানান কলেজের উপাধ্যক্ষ প্রদীপ চক্রবর্তী।
এর আগে গত ৩০ জুলাই জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করা নিয়ে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ নিয়ে গত এপ্রিল থেকে কলেজ ক্যাম্পাসে অন্তত সাত দফা সংঘর্ষের ঘটনা ঘটে ছাত্রলীগের বিভিন্ন পক্ষের অনুসারীদের মধ্যে।
গতকালের ঘটনায় আহত ছাত্ররা হলেন ইংরেজি চতুর্থ বর্ষের খাদেমুল ইসলাম, প্রথম বর্ষের আবদুল্লাহ আল সায়মন, স্নাতক (পাস) কোর্সের প্রথম বর্ষের কায়সার উদ্দিন ও মুনির উদ্দিন। প্রথম তিনজন মহিউদ্দিন চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।
গতকাল দুপুরে কলেজে গিয়ে দেখা যায়, নুরুল ইসলাম, মহিউদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা কলেজের প্রশাসনিক ভবনের সামনে পৃথক তিনটি স্থানে অবস্থান নেন। তিন পক্ষের মাঝখানে অবস্থান নেয় পুলিশ।
মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ও কলেজ শাখা ছাত্রলীগ নেতা মুনিরুল ইসলাম দাবি করেন, ইংরেজি বিভাগের সেমিনার কক্ষে তিন-চারজন জুনিয়র ছাত্র টেবিলের ওপর পা তুলে বসে ছিলেন। খাদেমুল ইসলাম তাঁদের পা নামিয়ে বসতে বলেন। এটি বলার সঙ্গে সঙ্গে তাঁরা খাদেমুল ইসলাম ও তাঁর সঙ্গে থাকা ছাত্রদের ওপর হামলা চালান। এতে তিনজন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে নুরুল ইসলামের অনুসারী ও কলেজ শাখা ছাত্রলীগ নেতা সুভাষ মল্লিক দাবি করেন, মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা সেমিনার কক্ষে প্রবেশ করে অতর্কিতভাবে তাঁদের কর্মীদের ওপর হামলা চালান। এতে তাঁদের তিন কর্মী আহত হয়েছেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা প্রথম আলোকে বলেন, মারামারির পর পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।