ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রজমোহন (বিএম) কলেজের একটি ছাত্রীনিবাসে গত রোববার রাতে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এ সময় পাঁচটি কক্ষ ভাঙচুর করা হয়। এ ঘটনায় এক শিক্ষার্থীকে ছাত্রীনিবাস থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী জানান, রোববার রাত নয়টার দিকে নগরের কলেজ রোড এলাকায় বনমালী গাঙ্গুলি ছাত্রীনিবাসে এ সংঘর্ষ হয়। বিএম কলেজের মেয়াদোত্তীর্ণ ছাত্র কর্মপরিষদের সহসভাপতি মঈন তুষারের পক্ষের হেনা আক্তারের অনুসারী প্রথম বর্ষের শিক্ষার্থী ঝুমুর বেগম চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাঈমা বেগমকে থাপ্পড় মারেন। এ ঘটনাকে কেন্দ্র করে মঈন তুষার ও সাধারণ সম্পাদক নাহিদ সেরনিয়াবাতের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ছাত্রলীগের নেত্রী হেনা আক্তারের নেতৃত্বে নাঈমা ও মনিরা নামে দুই কর্মীকে মারধর করা হয়। ভাঙচুর করা হয় তাঁদের কক্ষসহ পাঁচটি কক্ষ।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত সাড়ে ১০টার দিকে কলেজের অধ্যক্ষ, তত্ত্বাবধায়কসহ শিক্ষকেরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
নাম প্রকাশ না করে কলেজের এক শিক্ষক বলেন, বনমালী গাঙ্গুলি ছাত্রীনিবাসে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও মেয়াদোত্তীর্ণ ছাত্র কর্মপরিষদের ভিপি মঈন তুষার এবং জিএস নাহিদ সেরনিয়াবাতের অনুসারীরা আছেন। তাঁদের মধ্যে মঈন তুষারের সমর্থক হেনা আক্তারের প্রভাব বেশি। বিভিন্ন সময়ে তিনি ছাত্রীনিবাসে আধিপত্য বিস্তার করেন। রোববার হেনার কক্ষে থাকা তাঁর অনুসারী প্রথম বর্ষের ওই শিক্ষার্থী তাঁরই প্রশ্রয়ে চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীকে থাপ্পড় মারেন। এ ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ বাধে।