ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল কমিটি নিয়ে বিরোধের জের ধরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। গত রোববার রাতের এই সংঘর্ষে ১০ নেতা-কর্মী আহত হন।
সংঘর্ষের পর গতকাল সোমবার ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করে। বেশির ভাগ ক্লাস হয়নি। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাফায়াত হোসেন, সাধারণ সম্পাদক আলী ইমতিয়াজসহ ৩০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ছাত্রলীগের নেতা আহত মুন্সি আশিকুজ্জামান।
সংগঠনের কয়েকজন নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা বলেন, এই বিশ্ববিদ্যালয়ে সদ্যঘোষিত হল কমিটি নিয়ে কয়েক দিন ধরে ছাত্রলীগের দুই পক্ষে উত্তেজনা বিরাজ করছিল। রোববার রাতে বঙ্গবন্ধু হলের ডাইনিংয়ে কথা-কাটাকাটির জের ধরে দুই পক্ষ হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বহিরাগতদের একটি পক্ষ সংঘর্ষে যোগ দেয়। এতে ১০ জন আহত হন। তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক মুন্সি আশিকুজ্জামান এবং দ্বিতীয় বর্ষের ছাত্র মাহির মুন্সিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এম ফিরোজ ইসলাম অভিযোগ করে বলেন, ‘বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করায় আমরা প্রথম থেকেই এর প্রতিবাদ জানিয়ে আসছি। রোববার রাতে বিষয়টি নিয়ে কথা বলতে সভাপতি শাফায়াত হোসেনের কাছে গেলে তাঁর অনুসারীরা আমাদের ওপর হামলা চালায়।’ এ অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের সভাপতি শাফায়াত হোসেন।