ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গত শুক্রবার সন্ধ্যায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত তিনজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত ব্যক্তিরা হলেন উপজেলা ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক আনিসুল্লাহ গণি ওরফে সাজু, সহপ্রচার সম্পাদক লিমন হোসেন এবং সদস্য কাউসার আহমেদ।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখার কমিটি গঠন নিয়ে উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলে আসছে। এ ছাড়া আধিপত্য বিস্তার ও বিভিন্ন কাজের ভাগ-বাঁটোয়ারা নিয়েও উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন খান ও সাধারণ সম্পাদক গোলাম মওলার মধ্যে বিরোধ চলে আসছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে সাটুরিয়া বাজার-দরগ্রাম সড়কের গাছবাড়ি এলাকায় ছাত্রলীগের নেতা তানভীর সমর্থক নেতা-কর্মীদের সঙ্গে গোলাম মওলার সমর্থক নেতা-কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মওলা বলেন, সম্প্রতি ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী ছাত্রলীগে যোগদান করেন। যোগদানকারীরা আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা করেন। এ ব্যাপারে তিনি থানায় মামলা করতে চাইলে দলের জ্যেষ্ঠ নেতারা বিষয়টি মীমাংসার আশ্বাস দেন।
তবে অভিযোগ অস্বীকার করে তানভীর খান জানান, আধিপত্য নয়, ভুল-বোঝাবুঝির কারণে ছোটখাটো মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি মীমাংসা হয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি সাদিকুল ইসলাম জানান, সম্প্রতি অনানুষ্ঠানিকভাবে ছাত্রলীগে যোগদানকারী কতিপয় নেতা-কর্মী এ ঘটনা ঘটান। আগামীকাল (সোমবার) উভয় পক্ষকে নিয়ে বসে মীমাংসা করা হবে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।