ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গতকাল সোমবার সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে জেলা ছাত্রলীগের সভাপতির বাসা।
প্রত্যক্ষদর্শী ও সংগঠন সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে মিছিল বের করার উদ্দেশ্যে বেলা ১১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে জড়ো হন জেলা ছাত্রলীগের সভাপতি সাদিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এনামুল হকের অনুসারী নেতা-কর্মীরা। এ সময় পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহার অনুসারীরা পাশের মাইক্রোবাস স্ট্যান্ডে অবস্থান নেন। তাঁদের পক্ষ নিয়ে সেখানে যোগ দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক খান ও জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারের অনুসারীরা। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেলা একটার দিকে জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুলতানুল আজম খান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে নেতা-কর্মীদের শান্ত করেন।
বেলা তিনটার দিকে জেলা শহরের বেউথা এলাকায় ছাত্রলীগের সভাপতি সাদিকুল ইসলামের বাসায় হামলার ঘটনা ঘটে। সাদিকুলের অভিযোগ, তাপস সাহাসহ প্রতিপক্ষের নেতা-কর্মীরা তাঁর বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাসার জানালার কাচ ভেঙে যায়। তবে এই অভিযোগ অস্বীকার করে তাপস সাহা বলেন, বাসায় হামলার ঘটনায় তাঁর কোনো নেতা-কর্মী জড়িত নন।
সংঘর্ষে আহত হন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদা ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক লামইয়া সুলতানা, পাঠাগার সম্পাদক সজীব হোসেন ও ছাত্রলীগের কর্মী মনিরুল ইসলাম। তাঁরা সবাই জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী। এ ছাড়া সংঘর্ষ চলাকালে পুলিশের লাঠিপেটায় তাপস সাহা আহত হন। শেখ মোহাম্মদ ইয়াসিনকে মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, এসব ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।