কুমিল্লা মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের স্বাগত জানাতে গিয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষ হয়।
মেডিকেল কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগের কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। তাঁদের স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছিল ছাত্রলীগ। দুপুর ১২টার দিকে কলেজের মূল ভবনের করিডরে আধিপত্য বিস্তার নিয়ে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাদমান বিন মাহমুদ ও সহসভাপতি আবু কাইয়ুম ভূঁইয়া তানিমের অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাদমানের অনুসারী কলেজ শাখা ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য সোহাগ সরকার সহসভাপতি তানিমের অনুসারী রেদোয়ান শাওনকে মারধর করেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তারা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভয়ে ভর্তি হতে আসা শিক্ষার্থী ও অভিভাবকেরা ছোটাছুটি করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।