ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে তিনজন আহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনার সূত্রপাত হয়। বিকেলে এক পক্ষের মিছিল থেকে ফাঁকা গুলি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন, ইউসুফ কবির, বিশ্বজিৎ শর্মা ও কায়সার হামিদ। তাঁদের মধ্যে মাথায় জখম হওয়ায় ইউসুফ কবিরকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কলেজ ছাত্রলীগ সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নিয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছিলেন। দুপুরে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নামে স্লোগান দিতে দিতে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী চট্টগ্রাম কলেজের ক্যাম্পাসে ঢোকেন। নির্দিষ্ট নেতার নামে স্লোগান দেওয়া নিয়ে ক্যাম্পাসে আগে থেকে অবস্থান নেওয়া চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে মিছিলকারীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম বলেন, এই সংঘর্ষে লাঠির আঘাতে তিন কর্মী আহত হন। তিনি অভিযোগ করেন, ‘বহিরাগত কয়েকজন যুবক হঠাৎ মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। আমরা নির্দিষ্ট কোনো নেতার নামে স্লোগান দেওয়া বন্ধ করতে বলি তাদের। তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। এতে কলেজের তিন ‍ছাত্র আহত হয়। পরে বিকেলে আবার মিছিল নিয়ে ঢুকে ফাঁকা গুলি ছোড়া হয়।’
জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ বলেন, চট্টগ্রাম কলেজের ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে দুই–তিনজন আহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ধাওয়া খেয়ে বাইরে থেকে আসা যুবকেরা ক্যাম্পাস থেকে বের হয়ে গনি বেকারি মোড়ে অবস্থান নেয়। পরে পুলিশ কলেজ ছাত্রলীগের নেতা–কর্মীদেরও ক্যাম্পাস থেকে চলে যেতে বলেন। তাঁরা চলে যাওয়ার পর আ জ ম নাছির উদ্দীনের নামে স্লোগান দিতে দিতে পুনরায় একটি মিছিল ক্যাম্পাসে ঢোকে। এ সময় ফাঁকা গুলির শব্দ শোনা যায়।
ফাঁকা গুলির বিষয়ে জানতে চাইলে ওসি আজিজ আহমেদ বলেন, ‘আমরা মূল গেটে ছিলাম। গুলির শব্দ আমরা শুনিনি। অন্য পাশে করলে করতে পারে।’
উল্লেখ্য, প্রায় তিন দশক ছাত্রশিবিরের নিয়ন্ত্রণে থাকার পর গত ১৬ ডিসেম্বর চট্টগ্রাম কলেজের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ। একই এলাকায় শিবিরের দখলে থাকা সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজেরও নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ। বর্তমানে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ নিয়ন্ত্রণে রাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী বলে পরিচিত।