রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলেজের মূল ভবনের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাত্রলীগের একটি সূত্র জানায়, কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বন্দ্বের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত পাঁচজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মংক্যচিং সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ রশীদ বলেন, ছাত্রলীগের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে যেন আরও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ মো. জাফর আহমদ বলেন, ‘কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ব্যক্তিগত গন্ডগোল থেকে এ ঘটনা ঘটেছে বলে আমাকে জানানো হয়েছে।’
তবে কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতাল মাহমুদ বলেন, ‘ছাত্রলীগের নামধারী বিএনপি-জামায়াতপন্থী কিছু ছাত্র আমাদের কর্মীদের ওপর অতর্কিত হামলা করেছে।’
কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিয়াদ বলেন, ‘ভুল-বোঝাবুঝির কারণে সিনিয়র জুনিয়রদের মধ্যে এই ঘটনা ঘটেছে।’