ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, দুই কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে দুই কর্মী আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের কয়েকজন কর্মী বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল সন্ধ্যায় এক পক্ষের দুই কর্মী ক্যাম্পাসের কাছে ‘ময়না দীপ’ নামে একটি স্থানে আড্ডা দিচ্ছিলেন। সেখানে বসা নিয়ে ছাত্রলীগের অন্য পক্ষের দুই কর্মীর সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। পরে ঘটনা মিটমাট করার জন্য ছাত্রলীগের কয়েকজন নেতা উভয় পক্ষকে অগ্নিবীণা হলে ডাকেন। এ সময় দুই পক্ষের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রামদা, দা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে দুজন আহত হন।
ছাত্রলীগের একাধিক কর্মী বলেন, আহত দুজনের মধ্যে একজনের মাথা ফেটে যায়। আহত ব্যক্তিদের নাম ওবায়দুল ও বিপুল বলে তাঁরা জানান।
প্রক্টর মো. মাহবুব হোসেন বলেন, ‘খুব সামান্য বিষয় নিয়ে ছাত্রদের মধ্যে একটু সংঘর্ষ হয়েছে। এতে একজন আহত হয়েছে বলে শুনেছি। তবে হাসপাতালে নেওয়ার বিষয়টি আমি জানি না।’
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ওরফে অনিক বলেন, ‘ছোট ভাইদের মধ্যে সামান্য ভুল-বোঝাবুঝি হয়েছে। এটা আমরাই মীমাংসা করে দেব।’