সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ চারজন আহত হয়েছেন। গত রোববার রাতে এ সংঘর্ষের সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়।
ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে গতকাল সোমবার সকালে ‘টিলাগড় বাজার উন্নয়ন কমিটি’র ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ব্যবসায়ীরা ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশকে সময় বেঁধে দিয়েছেন।
সম্প্রতি জেলা ছাত্রলীগ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের একটি কমিটির অনুমোদন দিলে সংগঠনের দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। ইঞ্জিনিয়ারিং কলেজ মহানগর কমিটির অন্তর্ভুক্ত দাবি করে রোববার বিকেলে এক পক্ষের কর্মীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। রাতে অবস্থান নেন টিলাগড় মোড়ে। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর নেতৃত্বে অপর পক্ষ টিলাগড় মোড়ে অবস্থান নিতে চাইলে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, রাত ১১টা পর্যন্ত দুই পক্ষে থেমে থেমে সংঘর্ষ চলে। একপর্যায়ে টিলাগড় মোড়ে দুটি রেস্তোরাঁয় হামলা চালায় একটি পক্ষ। তখন অপর পক্ষ হামলা চালায় একটি ফাস্টফুডের দোকানে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।
মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় নির্মল ও সোহেল নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
ব্যবসায়ীদের বিক্ষোভ: ছাত্রলীগের সংঘর্ষের জেরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুরের প্রতিবাদে গতকাল দুপুরে ‘টিলাগড় বাজার উন্নয়ন কমিটি’র ব্যানারে মৌনমিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে সমর উদ্দিন, মতিউর রহমান, আজহারুল ইসলাম, সুবেদুর রহমান, নুরুল ইসলাম, সাঈদ আহমদ, আমিনুল ইসলাম, সুহেল আহমদ, আবদুল ওদুদ, শমসের আলী, আবদুল কাইয়ুম, শামীম আহমদ, তারেক আহমদ, জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে ব্যবসায়ীরা বলেন, ছাত্রলীগের সংঘর্ষের জেরে আজমীর রেস্টুরেন্ট, হোটেল রুমী-রুম্মান ও ফুড গ্যালারিতে হামলা
চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে আন্দোলনের ডাক দেওয়া হবে।