ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু পক্ষের নেতাকর্মীদের মধ্যে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই এলাকার বেশ কিছু দোকানপাট এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের একটি কার্যালয় ভাঙচুর করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) এর নেতা আশরুজ্জামানসহ কয়েকজন দুই নম্বর ফটক এলাকায় গেলে ক্যাম্পাস ছাত্রলীগের কর্মীরা তাঁদের ধাওয়া করে। এ খবর জানাজানি হলে শাহজালাল হলে অবস্থানরত ভিএক্স কর্মীরা জড়ো হয়ে দুই নম্বর ফটক এলাকায় গিয়ে প্রতিপক্ষের ছাত্রলীগ কর্মীদের পাল্টা ধাওয়া দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সাত-আট রাউল্ড ফাঁকা গুলি বিনিময় হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল প্রথম আলো কে বলেন, ‘ছাত্রলীগ নেতা আশরুজ্জামানকে ধাওয়া দিলে এ ঘটনার সূত্রপাত হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আমরাও গুলির শব্দ শুনেছি। কিন্তু ঘটনাস্থলে গিয়ে এর কোনো প্রমাণ পাইনি।’
এ ঘটনার ব্যাপারে ক্যাম্পাস ছাত্রলীগের নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুন বলেন, ‘প্রশাসন গত রোববারের ঘটনার কোনো বিচার না করায় তাঁরা (ভিএক্স গ্রুপের কর্মীরা) এ সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। তাঁরা আমাদের জুনিয়র ছেলেদের অস্ত্রের ভয় দেখালে এলাকাবাসী তাঁদের ধাওয়া দেয়।’
অপরদিকে ভিএক্স গ্রুপের নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘আমাদের কিছু নেতাকর্মী দুই নম্বর ফটকে গেলে কোনো কারণ ছাড়াই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা তাঁদের গুলি ছোড়ে ও ধাওয়া করে। আমরা এ ব্যাপারে হাটহাজারী থানায় হত্যাচেষ্টার মামলা করব।’