ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলে ছাত্রলীগের দুই সভাপতি প্রার্থীর নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
হলের প্রাধ্যক্ষ বিশ্বনাথ শিকদার বলেন, ‘বিষয়টি শুনে আমি রাতেই হলে গিয়েছিলাম। পরে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে। বর্তমানে হলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে নবাব আবদুল লতিফ হল শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী শামীমের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন কর্মী অপর সভাপতি প্রার্থী মিজানুর ইসলামের কক্ষে হামলা চালান। তাঁরা মিজানুরকে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এ সময় হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সুজন আলী বাধা দিলে মিজানুর-সুজনের কর্মীদের সঙ্গে শামীমের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।