প্রথম বর্ষের শিক্ষার্থী ওঠানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয়।
গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। দুই পক্ষের একাধিক কর্মী প্রথম আলোকে বলেন, সকালে জিয়াউর রহমান হলের ফটকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি হতে আসা শিক্ষার্থীদের হলে তোলার জন্য বিভিন্ন পক্ষের কর্মীরা অবস্থান নেন। এ সময় ভারপ্রাপ্ত সভাপতি সাদ্দাম হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বনি আমিন মোল্লার পক্ষের কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে গিয়ে হলের সহসভাপতি জায়েদুল জলিলের গালে থাপ্পড় দেন। এরপর উভয় পক্ষের নেতা-কর্মীরা পরস্পরের ওপর চড়াও হন। তাঁরা রামদা, রড, লাঠিসোঁটা নিয়ে পরস্পরকে ধাওয়া করেন। জায়েদুল জলিলের অভিযোগ, তিনি দুই পক্ষের মধ্যে সমঝোতা করার চেষ্টা করছিলেন। কিন্তু মোতাহার হোসেন উল্টো তাঁকে মারধর করেন।