চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। গত শুক্রবার সকালে হাটহাজারী থানায় করা মামলা দুটিতে ৬৮ জনকে আসামি করা হয়। আসামিরা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী।
সংঘর্ষের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘সিক্সটি নাইন’ ও ‘বাংলার মুখ’-এর কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক উপপরিদর্শক (এসআই) আবুল খায়েরসহ দুই পক্ষের অন্তত ১০ জন কর্মী আহত হন। সংঘর্ষে জড়িয়ে পড়া দুটি পক্ষই নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী।
পুলিশ ও ছাত্রলীগ সূত্র জানায়, বাংলার মুখ পক্ষে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মহসিন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলাটি করেন।
অন্যদিকে সিক্সটি নাইন পক্ষের হয়ে মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুরজ মহলদার বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করেছেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল জানান, বাংলার মুখ পক্ষে দায়ের করা মামলাটির তদন্তে উপপরিদর্শক মিজানুর রহমান এবং সিক্সটি নাইন পক্ষের করা মামলাটির তদন্তে আরেক উপপরিদর্শক স্বপন কুমার সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে আইন অনুষদের ডিন অধ্যাপক আবদুল্লাহ আল ফারুককে। তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ জানান, এবার থেকে আর কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সিক্সটি নাইন পক্ষের নেতা আবু কাইজার বলেন, ‘আমাদের নেতা আ জ ম নাছির ভাই নির্দেশ দিয়েছেন বিষয়টি সমাধান করতে। উভয় পক্ষের জ্যেষ্ঠ নেতারা বসে বিষয়টি দ্রুত সমাধান করা হবে।’
বাংলার মুখ পক্ষের নেতা মোহাম্মদ মামুন বলেন, ‘আমাদের পক্ষে আহতরা মামলা করেছেন। আগে এর আইনগত একটি বিহিত হোক। এরপর মীমাংসায় বসব।’