ছাত্রলীগের দুই পক্ষের বিরুদ্ধে পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের ২৬০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গত রোববার রাতে এই মামলা করে পুলিশ।
এলাকার বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে জানা যায়, ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজে শিক্ষক নিয়োগের নির্ধারিত পরীক্ষা গত রোববার দ্বিতীয়বারের মতো স্থগিত করে কলেজ কর্তৃপক্ষ। গত ২২ আগস্ট ছাত্রলীগের একটি অংশের বাধার কারণে শিক্ষক নিয়োগ পরীক্ষা একবার স্থগিত করা হয়। রোববার স্থগিতের কারণ হিসেবে কলেজ কর্তৃপক্ষ অনিবার্য বলে উল্লেখ করে। কিন্তু নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ার খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ তাঁর সমর্থকদের নিয়ে কলেজ প্রাঙ্গণে মিছিল করেন। স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্রলীগের এই অংশটিকে মদদ দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কলেজ পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম বুলবুল।
কলেজে মিছিল হওয়ার খবর শুনে কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাবেক সাংসদ আবদুছ ছাত্তার-সমর্থিত ছাত্রলীগের অপর অংশের সমর্থকেরা কলেজের ফটকের সামনে অবস্থান নেন। তাঁরা এ সময় কলেজ প্রাঙ্গণে বহিরাগতদের নিয়ে মিছিল করার প্রতিবাদ জানাতে থাকেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ লাঠিপেটা ও গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলায় সাবেক সাংসদ আবদুছ ছাত্তারের ১৫০-২০০ জন এবং আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুলের ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, ঈশ্বরগঞ্জ থানার এসআই মাসুদ জামেলি রোববার রাতে মামলাটি দায়ের করেন।