ছাত্রলীগের দুই পক্ষের মারামারি, ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আন্দরকিল্লার মোড়ে আজ মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই পক্ষে মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর এবং ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ ১১ জনকে আটক করেছে।

ছাত্রলীগ থেকে বহিষ্কৃত সাইফুল আলমের অনুসারী চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল বারী অভিযোগ করেন, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সাইফুল আলমের পক্ষের কর্মীরা সোমবারের মারামারির ঘটনার প্রতিবাদে একটি মিছিল বের করে। মিছিলটি নগরের মোমিন রোড থেকে আন্দরকিল্লার দিকে যেতে থাকে। এ সময় ছাত্রলীগের নগর কমিটির যুগ্ম সম্পাদক ওয়াহেদ রাসেলের পক্ষের কর্মীরা এসে তাঁদের ওপর হামলা চালায়। তবে তাঁর এই অভিযোগ অস্বীকার করেছেন ওয়াহেদ রাসেলের পক্ষ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২০ থেকে ৩০ জনের একটি দল নগরের চেরাগি পাহাড় মোড়ের দিক থেকে গিয়ে মিছিলকারীদের সঙ্গে মারামারিতে লিপ্ত হয়। এ সময় দুই পক্ষের হাতে লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র ছিল। আন্দরকিল্লায় দুই পক্ষ এলোপাতাড়ি গাড়ি ভাঙচুর করতে থাকে। এ সময় অন্তত সাতটি বিভিন্ন ধরনের যানবাহন ও তিনটি দোকান ভাঙচুর করা হয়। একপর্যায়ে ফাঁকা গুলিও ছোড়ে তারা। কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটায়।

এ সময় মেয়র আন্দরকিল্লার নগর ভবনে ছিলেন বলে জানা গেছে। এলোপাতাড়ি গাড়ি ভাঙচুরের ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে ধাওয়া দিয়ে সবাইকে সরিয়ে দিলে রাত সাড়ে নয়টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘দুটি পক্ষ মারামারি করেছে। ঘটনাস্থল থেকে আমরা ১১ জনকে আটক করেছি। এ সময় দুই একটি গাড়ি ভাঙচুর হয়েছে। তবে কারা করেছে তা বলতে পারব না।’ আগের দিনের ঘটনার জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি জানান। তবে গুলির বিষয়টি ওসি অবগত নন বলে দাবি করেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ওয়াহেদ রাসেলকে ফোন করা হলে, তাঁর ফোন ধরেন মুজিবুল হক সুমন নামে একজন। তিনি নিজেকে আন্দরকিল্লা ওয়ার্ড ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে বলেন, ‘সাইফুল আলমের ছেলেরা এসে আন্দরকিল্লায় ত্রাস সৃষ্টি করেছে। আমাদের ওপর হামলা করেছে। গুলিও ছুড়েছে তারা।’ অন্যদিকে, আইন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল বারী বলেন, ‘আমরা মিছিল বের করলে রাসেলের ছেলেরা এসে হামলা করে। এই ঘটনায় আমাদের কয়েকজন আহত হয়েছে।’

গতকাল সোমবার রাতেও ছাত্রলীগের নগর কমিটির যুগ্ম সম্পাদক ওয়াহেদ রাসেল ও ছাত্রলীগ থেকে বহিষ্কৃত নেতা সাইফুল আলমের অনুসারীদের মধ্যে একই জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার রাতে দুই পক্ষ আবারও সংঘর্ষে লিপ্ত হয়।