ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
কক্সবাজারের পেকুয়া উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন যুবলীগের কর্মী মো. বাদশা (৩২) এবং ছাত্রলীগের কর্মী মো. মনির (২৩) ও মকছুদুর রহমান (২৪)। তাঁদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পেকুয়া উপজেলায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। দুই পক্ষের দুজন নিজেদের উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক দাবি করে কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এক পক্ষের নেতৃত্বে আছেন সালাহউদ্দিন মাহমুদ। অপর অংশের নেতৃত্বে আছেন কফিল উদ্দিন বাহাদুর।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন আগে ছাত্রলীগের কফিল উদ্দিনের পক্ষের নেতা আছাদুল হক চৌধুরীর সঙ্গে সালাহউদ্দিন পক্ষের নেতা আমিরুল খোরশেদের মারামারি হয়। এ ঘটনার মীমাংসা করতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন ফরায়েজীসহ জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গতকাল দুপুরে পেকুয়া বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে সমঝোতা বৈঠক হয়। বৈঠক শেষে কফিল ও সালাহউদ্দিনের পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। ওই সময় ছাত্রলীগের এক কর্মী কফিলের পক্ষের যুবলীগ কর্মী মো. বাদশাকে ছুরিকাঘাত করেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে সালাহউদ্দিনের পক্ষের দুজন আহত হন।
সালাহউদ্দিন মাহমুদ বলেন, ‘পরিকল্পিতভাবে সমঝোতা বৈঠকটি আওয়ামী লীগের কার্যালয়ে করে আমাদের সেখানে নিয়ে গিয়ে হামলা চালানো হয়েছে।’
কফিল উদ্দিন বাহাদুর বলেন, সালাহউদ্দিনের পক্ষের মাদকাসক্ত এক যুবক যুবলীগের কর্মী মো. বাদশাকে ছুরিকাঘাত করলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পরে আওয়ামী লীগের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।