ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার এই সংঘর্ষে সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন। এঁরা হলেন সুমন (২৬), বিল্লাল হোসেন (২২), জয় (২০), আবু বকর (২২), মহিউদ্দিন (২০), আজিজ (২৫) ও মোস্তফা (২৫)। এঁদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
কলেজের অধ্যক্ষ আবু হায়দার বলেন, ছাত্রলীগের গোপালগঞ্জ পক্ষের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সংঘর্ষের কারণ সম্পর্কে কিছু বলেননি।
কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, কোনো রাজনৈতিক বিরোধ নয়, নিজেদের মধ্যে সামান্য একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কলেজ ছাত্রলীগের নেতাদের নিয়ে তিনি পরিস্থিতি শান্ত করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, তিতুমীর কলেজে ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া পক্ষের আধিপত্য বেশি। কয়েক দিন আগে ব্রাহ্মণবাড়িয়া পক্ষের কর্মীরা গোপালগঞ্জ পক্ষের এক কর্মীকে মারধর করেন। গতকাল কলেজ মিলনায়তনে গোপালগঞ্জ পক্ষের আয়োজনে ‘মাদকের ভয়াবহতা’ বিষয়ে একটি অনুষ্ঠান চলছিল। এ জন্য ক্যাম্পাসে গোপালগঞ্জ পক্ষের কর্মীর সংখ্যাই বেশি ছিল। আগের ঘটনার জের ধরে দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের তথ্যকেন্দ্রের সামনে গোপালগঞ্জ পক্ষের কর্মীরা ব্রাহ্মণবাড়িয়া পক্ষের ওপর হামলা চালান। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে সাতজন আহত হন।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার এস এম মোস্তাক আহমেদ খান বলেন, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে ছাত্রলীগের গোপালগঞ্জ পক্ষের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কলেজ ক্যাম্পাসে দুই প্লাটুন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।