ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
কিশোরগঞ্জে জেলা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধসহ অন্তত ১২ জন আহত হয়েছে। গত বুধবার রাতে নবগঠিত জেলা ছাত্রলীগের কার্যকরী পর্ষদ পক্ষ ও পদবঞ্চিত নেতা-কর্মীদের নিয়ে গড়া আরেকটি পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হওয়া ব্যক্তিরা হলেন রাজা মিয়া (১৭), তুষার মিয়া (২২), ওবায়াদ উল্লাহ (২৮), রিপন মিয়া (২৫), রিফাত মিয়া (২৪), আবদুল কাইয়ুম (২৬) ও রনি মিয়া (২৩)। তাঁদের কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি বলেন, ‘পদ পাননি বলে ছাত্রলীগের একটি অংশ দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে একের পর এক ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। গত বুধবারের সভায় নতুন কমিটিকে সহযোগিতা করার কথা বলে বাইরে এসেই আমাদের ওপর সশস্ত্র হামলা চালায় খায়রুজ্জামান পক্ষ।’
খায়রুজ্জামান দাবি করেন, ‘সভা থেকে বের হওয়ার পর কোনো কারণ ছাড়াই আমার কয়েকজন অনুসারীকে মারধর শুরু করে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষ। প্রতিহত করতে আমার আরও কিছু অনুসারী এগিয়ে এলে তাদের ওপর সশস্ত্র হামলা চালায় তারা।’