ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ১৬
বরিশালের গৌরনদীর মাহিলাড়া ডিগ্রি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। গত মঙ্গলবার গৌরনদী বাসস্ট্যান্ডে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম শিকদারের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সংগীত শিকদারের সঙ্গে গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রাড়ির ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাসেল রাড়ির বিরোধ চলছে। এর জের ধরে মাহিলাড়া ডিগ্রি কলেজে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষের জের ধরে মঙ্গলবার সকালে গৌরনদী বাসস্ট্যান্ডে রাসেল রাড়ির ওপর হামলা চালায় সংগীত শিকদারের সমর্থকেরা।
রাসেল জানান, মাহিলাড়ায় নিজের বাড়ি থেকে বাসে করে তিনি আগৈলঝাড়া রওনা হন। বাসটি গৌরনদী বাসস্ট্যান্ডে পৌঁছালে ১০-১২ জন যুবক তাঁকে গাড়ি থেকে নামিয়ে পেটায়। একপর্যায়ে জীবন বাঁচাতে তিনি গাড়িতে উঠে যান। এ সময় হামলাকারীরা তাঁকে টেনেহিঁচড়ে বাস থেকে নামিয়ে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে জখম করে। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাসস্ট্যান্ড এলাকার কয়েকজন জানান, হামলার খবর ছড়িয়ে পড়লে রাসেল রাড়ির ২৫-৩০ জন সমর্থক লাঠিসোঁটা নিয়ে গৌরনদী বাসস্ট্যান্ড পৌঁছে পাল্টা হামলা চালায়। এ সময় তারা পিটিয়ে সংগীত শিকদারের পাঁচ সমর্থককে আহত করে। খবর পেয়ে সংগীতের সমর্থকেরা জড়ো হয়ে রাসেলের সমর্থকদের ধাওয়া করে বাসস্ট্যান্ডের দক্ষিণে হামলা চালায়। এ সময় আবারও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।