ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় গত শনিবার জেলা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছে। এ সময় সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের বাতিলকৃত কমিটির সভাপতির বাড়ির একটি কক্ষ ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
সাতক্ষীরা সরকারি কলেজের কমিটি বাতিল করাকে কেন্দ্র করে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জেলা ছাত্রলীগের কমিটির বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, অবৈধভাবে বাতিলকৃত সাতক্ষীরা সরকারি কলেজ কমিটি পুনর্বহালের দাবিতে এবং জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দুর্নীতির বিরুদ্ধে কলেজ ছাত্রলীগের উদ্যোগে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ কার্যালয়ের সামনে শনিবার সকালে সমাবেশ হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করলে জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসাইন ও সাধারণ সম্পাদক এহসান হাবিবের নেতৃত্বে হামলা চালানো হয়।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসাইন জানান, জেলা ছাত্রলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কলেজ ছাত্রলীগের বাতিলকৃত কমিটির সভাপতি কে এম মাহমুদুজ্জামান, দপ্তর সম্পাদক শেখ নাঈম হাসানের নেতৃত্বে বহিরাগত ২০-৩০ জন তাঁদের বিরুদ্ধে মিছিল করে। তাদের মিছিল না করার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তারা কথা না শুনে সাতক্ষীরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ ও ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিমকে মারধর করে। পরে তাঁদের বিক্ষুব্ধ কর্মীরা প্রতিপক্ষের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে।
তারা সরকারি কলেজ ছাত্রলীগের বাতিলকৃত কমিটির সভাপতি মাহমুদুজ্জানের বাড়িতে যায়। কিন্তু পুলিশ বাধা দেওয়ায় তাঁদের কর্মীরা ফিরে আসার সময় এলাকাবাসী তাঁদের ধাওয়া করে। এ সময় মাহমুদ ইসলাম ও লিটন হোসেন নামের তাঁদের দুই কর্মীকে মারধর করা হয়। তাঁদের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রযেছে। কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।