ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করেছে পুলিশ। এ ঘটনায় কমপক্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে থাকা আইএইচটিতে ওই ঘটনা ঘটে। এ সময় আহত মোক্তার হোসেন নামে ছাত্রলীগের এক কর্মীকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনের সমর্থক এবং আইএইচটির ফিজিওথেরাপি অনুষদের ছাত্র। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী আইএইচটির শিক্ষার্থী মো. মামুন বলেন, শুক্রবার সন্ধ্যায় আইএইচটি শাখা ছাত্রলীগের সদস্য ও ফার্মেসি অনুষদের ছাত্র আসলাম হোসেনের অনুসারী আশ্রাফকে মারধর করেন ডেন্টাল অনুষদের ছাত্র আরিফ হোসেনের সমর্থক প্রয়ান। এ নিয়ে রাত ১১টায় আসলাম ও আরিফ সমর্থকদের মাঝে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়।