ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাত শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত ছয়জনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

নগরের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) গত শনিবার রাত সাড়ে ১০টায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিবাদে গতকাল রোববার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা।

হামলায় আহত হয়েছেন সৌরভ দাস, পার্থপ্রতিম বড়ুয়া, সঞ্জীব মজুমদার, আসলাম হোসেন, হুমায়ুন কবির ও মিল্টন গায়েন। তাঁরা সবাই বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ছাত্র।

ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা জানান, সৌরভ দাস ও মো. জাহেদ বিন বাসারের সঙ্গে শনিবার দুপুরে হলের খাবার নিয়ে ছাত্রলীগের মো. সোহাগের বাগ্‌বিতণ্ডা হয়। দুই পক্ষই খাবার ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নিতে চায়। এ ঘটনাকে কেন্দ্ররাতে সোহাগ তাঁর দলবল নিয়ে সৌরভ ও অন্যদের ওপর হামলা চালান।

মো. জাহেদ বিন বাসার জানান, শনিবার দুপুরে খাবারের ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কারণ জানতে চাইলে ক্ষিপ্ত হন সোহাগ। এ সময় বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় দেখিয়ে নেওয়ার হুমকি দেন সোহাগ। এরপর রাত সাড়ে ১০টার দিকে সোহাগের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল রামদা, চাপাতি নিয়ে হামলা চালান। তাঁদের হামলায় সাতজন গুরুতর আহত হয়েছেন। একই অভিযোগ করেন শিক্ষার্থী রাসেল মাহমুদ।

আহত ও হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী সৌরভ দাস বলেন, ‘সোহাগের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ৮০ হাজার টাকা তোলা হয়। এরপর গত বুধবার খাবারের ব্যবস্থা বন্ধ করে দেয়। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা বিপাকে পড়ে যায়। বিষয়টি সোহাগকে জিজ্ঞেস করায় সে আমাদের ওপর হামলা চালায়।’ তিনি আরও জানান, ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের কোনো কমিটি গঠিত হয়নি। সবাই ছাত্রলীগের কর্মী।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন জানান, সংঘর্ষের সংবাদ শুনে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল ১০টায় ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেন। ২১ তারিখের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে।

অভিযুক্ত শিক্ষার্থী মো. সোহাগ বলেন, জাহিদ বিন বাসার ছাত্রলীগের সাবেক নেতা, ভিপি ও বর্তমানে চিকিৎসক এস এম সায়েমকে নিয়ে কটূক্তি করেন। এ বিষয়ে জিজ্ঞেস করায় তাঁরা আমাকে লাঞ্ছিত করেন। রাতে তাঁদের জিজ্ঞেস করতে গেলে তাঁরা রড নিয়ে হামলা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটে। তবে রাতে কে কাকে কুপিয়েছে, তা বলতে পারব না।’

আইএইচটির অধ্যক্ষ কুমুদ চন্দ্র বালা প্রথম আলোকে বলেন, ‘রাতে ডাইনিংয়ে খাবার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয় শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’