ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তার নিয়ে ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গত বুধবার বেলা তিনটার দিকে সংঘর্ষ হয়। এতে অন্তত সাত নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঈন তুষার ও সাধারণ সম্পাদক নাহিদ সেরনিয়াবাতের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। মঈন তুষারের সমর্থক ছাত্রলীগ কর্মী মাকছুদুর রহমানকে নাহিদ সেরনিয়াবাত মারধর করেন। খবর পেয়ে মঈনের সমর্থকেরা অপর পক্ষের ওপর হামলা চালান। দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে পাল্টাপাল্টি ধাওয়া চলে। সংঘর্ষ চলাকালে ছাত্র কর্মপরিষদের ক্রীড়া সম্পাদক ফয়সাল আহম্মেদ এবং ছাত্রলীগের কর্মী ইমরান হোসেন, জামান, রিমন, সোহেল, মাকছুদুর রহমান ও মিরাজ আহত হন।
মারধরের অভিযোগ অস্বীকার করে নাহিদ সেরনিয়াবাত বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনো গুলি করা হয়নি। মঈন তুষারের নেতৃত্বে কলেজে বহিরাগত ব্যক্তিরা হামলা চালায়।’
হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ অস্বীকার করে মঈন তুষার বলেন, ‘আমি সেখানে ছিলামই না। গুলি বা হামলার সঙ্গে আমি সম্পৃক্ত নই। আধিপত্য বিস্তারের কোনো ঘটনাও নেই।’
কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম বলেন, সংঘর্ষের এ ঘটনা তদন্তে বুধবারই পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।