ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ কলেজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাইনিংয়ে ব্যবস্থাপক নিয়োগ করা নিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ছাত্র হোস্টেলে গত মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন। এ ঘটনার জেরে গতকাল বুধবার সকালে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। নির্দেশ পেয়ে গতকাল বিকেলের মধ্যে হোস্টেল ত্যাগ করেন শিক্ষার্থীরা।
কলেজের কয়েকজন শিক্ষক ও বেশ কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, প্রতি মাসে নিজেদের মধ্য থেকে একজন ব্যবস্থাপক (ম্যানেজার) নিয়োগ করে ডাইনিং চালান ছাত্রলীগের নেতা-কর্মীরা। ঈদের পর অক্টোবর মাসের ব্যবস্থাপক নিয়োগ নিয়ে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবু আহাদ ও সাধারণ সম্পাদক জাহিদ হাসানের সঙ্গে কার্যকরী কমিটির কয়েকজন নেতার মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের জেরে গত সোমবার রাতে কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক অভিজিৎ শিকদারকে বেধড়ক মারধর করেন সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষের নেতা-কর্মীরা। এতে হোস্টেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ১০টার দিকে হোস্টেলে উভয় পক্ষের নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নেন। তাঁদের হাতে ছিল হকিস্টিক, লাঠি, রড ও ধারালো অস্ত্র। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। সংঘর্ষে কার্যকরী কমিটির দুই নেতা ও তাঁদের পক্ষের চারজন এবং সভাপতি-সাধারণ সম্পাদকের পক্ষের একজন কর্মী আহত হন। প্রায় আধা ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত সাতজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন কার্যকরী কমিটির সহ-অর্থবিষয়ক সম্পাদক শিপন কান্তি দে, দুর্যোগ ও ত্রাণ-বিষয়ক সম্পাদক রাজেশ দেব ও তাঁদের পক্ষের কর্মী সাইদুর রহমান, বিজয় বড়ুয়া, তানভীর আলম, বুদ্ধদেব দাস এবং সভাপতি-সাধারণ সম্পাদকের পক্ষের কর্মী আসিফুজ্জামান।
হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রলীগ নেতা রাজেশ দেব প্রথম আলোকে বলেন, ‘ডাইনিংটি প্রায়ই সভাপতি ও সাধারণ সম্পাদকের নিয়ন্ত্রণে থাকে। তাঁরা নিম্নমানের খাবার পরিবেশন করে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা কামাচ্ছেন। আমরা এ অন্যায়ের প্রতিবাদ করে কলেজ শাখা ছাত্রলীগ নেতা অভিজিৎকে ব্যবস্থাপক নিয়োগের প্রস্তাব করি। তা না মেনে ওই নেতারা অভিজিৎকে মারধর করেছেন এবং বহিরাগতদের নিয়ে হামলা করেছেন।’
সভাপতি আবু আহাদ ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান এসব অভিযোগ অস্বীকার করেন। জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, ডাইনিংয়ে বসা নিয়ে পদবঞ্চিত কিছু কর্মী বহিরাগতদের সঙ্গে নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে।
কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব প্রথম আলোকে বলেন, ঘটনার পর গতকাল সকাল ১০টার দিকে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা ডাকা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয় এবং বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তিনি বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।