ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলি
কক্সবাজারের চকরিয়া পৌরসভা ছাত্রলীগের নবগঠিত কমিটির সমর্থক ও আগের কমিটির সমর্থকদের মধ্যে গতকাল শুক্রবার সংঘর্ষ হয়েছে।
সম্প্রতি ইমরান ফারুখ ও তারেকুল ইসলামের নেতৃত্বাধীন চকরিয়া পৌরসভা ছাত্রলীগের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। নতুন কমিটিতে কামরুল হাসান ওরফে রোমানকে সভাপতি ও সাদ্দাম হোসেন ওরফে রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটি ঘোষণার পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুরে কামরুল হাসান ও সাদ্দাম হোসেনের পক্ষের লোকজন মিছিল বের করলে ইমরান ফারুখ ও তারেকুল ইসলামের লোকজন বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনার সময় পাঁচ-ছয়টি গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। পরে সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।