সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে গতকাল শনিবার দুপুরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। একপর্যায়ে এক পক্ষ একটি শ্রেণিকক্ষে ঢুকে পড়ে। সেখানে অন্য পক্ষের সঙ্গে গুলি-পাল্টা গুলির ঘটনা ঘটে। এ সংঘর্ষে ছাত্রলীগের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছে।
গুলিবিদ্ধ দুজন হলো কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বায়েজিদ মাহমুদ ও সাজু আহমদ। এ ছাড়া সংঘর্ষ চলাকালে একজন সাধারণ শিক্ষার্থীসহ দুই পক্ষের অন্তত আটজন আহত হয়।
গুলিবিদ্ধ বায়েজিদ ও সাজুকে উদ্ধার করে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালটির জরুরি বিভাগের একজন চিকিৎসক প্রথম আলোকে বলেন, বায়েজিদের পেটের বাঁ দিকে ও সাজুর ডান দিকের চোখের কাছে গুলি লেগেছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।
পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের কোনো কমিটি না থাকায় সাবেক নেতাদের নেতৃত্বে পাঁচটি পক্ষ রয়েছে। এর মধ্যে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমের নেতৃত্বে একটি এবং পাভেল মাহমুদের নেতৃত্বে আরেকটি পক্ষ কলেজ ক্যাম্পাসে বেশ সক্রিয়। গত বৃহস্পতিবার এক পক্ষের এক সমর্থককে মারধরের জেরে গতকাল শনিবার সকাল থেকে দুই পক্ষের সমর্থকেরা কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন।
দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের বাংলা বিভাগের ১১৯ নম্বর কক্ষে পাঠদান চলাকালে এক পক্ষের কর্মী-সমর্থকেরা ঢুকে পড়েন। পরে অন্য পক্ষের কর্মীরাও ওই শ্রেণিকক্ষে ঢোকার চেষ্টা করেন। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের কর্মীরা শ্রেণিকক্ষের ভেতর এলোপাতাড়ি গুলি ছোড়েন। একপর্যায়ে স্প্লিন্টারের আঘাতে দ্বাদশ শ্রেণির ছাত্র আনোয়ার হোসেন আহত হয়। এই প্রেক্ষাপটে কর্তৃপক্ষ ডিগ্রি কোর্সের পরীক্ষা বাতিল করে কলেজ তাৎক্ষণিক বন্ধ ঘোষণা করে। গতকাল বেলা দুইটায় ওই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস ছেড়ে যাওয়ার সময় ছাত্রলীগের একটি পক্ষ শ্রেণিকক্ষেই অবস্থান করতে থাকে। অন্য পক্ষটি তখন শ্রেণিকক্ষের বাইরে থেকে দফায় দফায় গুলি ছোড়ে। এ সময় বায়েজিদ ও সাজু গুলিবিদ্ধ হয়। পরে দুই পক্ষের লোকজন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আবুল কাশেম গণমাধ্যম কর্মীদের বলেন, তাঁর পক্ষের কেউ গুলি করেননি। তাঁরা বরং আগ্নেয়াস্ত্রধারীদের ধাওয়া করে কলেজ থেকে বের করে দেওয়ার চেষ্টায় ছিলেন। অন্যদিকে পাভেল মাহমুদের দাবি, শ্রেণিকক্ষে প্রবেশ করে গুলির ঘটনা প্রতিহত করতে গিয়েই দুই পক্ষের এই সংঘর্ষ বাধে।
জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম বলেন, ছাত্রলীগের কোনো নেতা-কর্মী অস্ত্র নিয়ে শ্রেণিকক্ষে ঢুকে হামলা চালাতে পারেন না। হামলাকারী যে হন, তাঁদের ধরতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ বলেন, দুই পক্ষ যখন শ্রেণিকক্ষে প্রবেশ করে, তখন ক্যাম্পাসে পুলিশ মোতায়েন ছিল। শুরুর দিকে পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের মতো। তা না হলে এ ঘটনা এড়ানো যেত।
বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান বলেন, দুই পক্ষের মধ্যে গুলি শুরু হয়ে গেলে অতিরিক্ত পুলিশ আনতে হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া অস্ত্রধারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।