ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ নেতা গুলিবিদ্ধ
ঝিনাইদহ কালীগঞ্জে একটি রাস্তা নির্মাণের কাজ বন্ধ করা নিয়ে বিরোধের জেরে ছাত্রলীগের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। ছাত্রলীগের এক পক্ষের দাবি, কালীগঞ্জ পৌরসভার মেয়রের ছোড়া গুলিতে তিনি আহত হয়েছেন। গতকাল বুধবার কালীগঞ্জ পৌরসভা এলাকার বাকুলিয়া গ্রামে ওই ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগের নেতা বলেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মনির হোসেন ওরফে সুমন (২৫)। তাঁকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার সময় ছাত্রলীগের কর্মী রাসেল আহত হন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসরাইল হোসেনের দাবি, কালীগঞ্জ পৌরসভার মেয়র ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ওরফে বিজুর ছোড়া গুলিতে মনির আহত হয়েছেন। অবশ্য মেয়র দাবি করেন, একদল সন্ত্রাসী তাঁর বাড়িতে হামলা চালালে তিনি বাঁচার জন্য লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র দিয়ে ছয়টি ফাঁকা গুলি ছোড়েন। তবে ওই গুলিতে কেউ আহত হননি। মনির পড়ে গিয়ে আহত হয়েছেন।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।