ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, ফজলে রাব্বী ছাত্রাবাস বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজের ডা. ফজলে রাব্বী হোস্টেলে (ছাত্রাবাস) গতকাল বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ফজলে রাব্বী ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং রাত নয়টার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশ দেয়। পুলিশের উপস্থিতিতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছাত্ররা ছাত্রাবাস ছেড়ে যান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে ফজলে রাব্বী ছাত্রাবাস শাখার সভাপতি হুমায়ুন ইসলাম ও সাধারণ সম্পাদক ফাহাদ বিন কবিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষই ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাঁদের মধ্যে শেখ মোহাম্মদ আল আমিন, ইফতেখার, লিমন, কৌশিক রায়, তাসলিম আহমেদ, রবিন, তারেক ও সবুজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে চকবাজার থানার পুলিশ ছাত্রাবাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত রবিন নিজেকে ছাত্রাবাস শাখা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন ইসলামের সমর্থক বলে দাবি করেন। তিনি বলেন, ‘ছাত্রদলের সাবেক কর্মী মিরাজ কয়েক দিন আগে ফজলে রাব্বী হোস্টেল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহাদ বিন কবিরের সমর্থক হিসেবে ছাত্রলীগে যোগ দেন। আমরা এর প্রতিবাদ করেছিলাম। এর জের ধরে ফাহাদের সমর্থক-কর্মীরা রড, লাঠি, পাইপ দিয়ে আমাদের পিটিয়ে আহত করে।’

ফাহাদের সমর্থিত কর্মীরা বলেন, ফাহাদ গত বুধবার রাতে কলেজের এক ছাত্রকে ছাত্রাবাসে থাকতে দেওয়ায় ছাত্রাবাস শাখা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন ইসলাম ক্ষুব্ধ হন ফাহাদের ওপর। এই ক্ষোভ থেকে তাঁর কর্মীরা তাঁদের ওপর হামলা চালান।

রাতে যোগাযোগ করা হলে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ইসমাইল খান প্রথম আলোকে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে ফজলে রাব্বী ছাত্রাবাস বন্ধ করার নির্দেশ দেওয়ার পর সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে পুলিশের উপস্থিতিতে ছাত্রাবাস খালি করা হয়। আগামীকাল শনিবার এ বিষয়ে একাডেমিক কাউন্সিলের সভা ডাকা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মফিজউদ্দিন আহমদ বলেন, ফজলে রাব্বী ছাত্রাবাসের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রাবাস খালি হওয়ার পর পরিস্থিতি শান্ত রয়েছে।