ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে শিক্ষক, পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে কলেজ চত্বরে এ সংঘর্ষ হয়।
এ সময় কলেজের অধ্যক্ষের কক্ষে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন স্থগিত ও কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল কলেজ ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। বিকেলে ছাত্রলীগের একটি পক্ষ স্বপন তালুকদারকে ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) পদে মনোনয়ন দিয়ে প্যানেল জমা দেওয়ার প্রস্তুতি নেয়। বিকেল চারটার দিকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামসহ উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের নেতারা এই প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে যান। এ সময় মনোনয়নবঞ্চিত ভিপি প্রার্থী জুয়েল শেখের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান। এরপর ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, ছাত্র সংসদের সাবেক ভিপি মেহেদী হাসান, ছাত্রলীগের কর্মী কালাম শেখ, মানিক হাওলাদার ও তরিকুল সরদার গুরুতর আহত হন। আহত আরও ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নজরুল ইসলাম বলেন, ‘মনোনয়নবঞ্চিত ভিপি প্রার্থী জুয়েল শেখ বহিরাগতদের সঙ্গে নিয়ে আমাদের ওপর হামলা চালান। এ সময় অধ্যক্ষের কার্যালয়ও ভাঙচুর করা হয়।’ এ ব্যাপারে জানতে জুয়েল শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
কলেজের অধ্যক্ষ গৌরঙ্গ লাল চৌধুরী বলেন, স্বপন তালুকদারসহ অন্যরা মনোনয়নপত্র জমা দিতে তাঁর কার্যালয়ে এলে অন্য পক্ষ তাঁদের ওপর হামলা চালায়। এ সময় শিক্ষক-কর্মচারীরা তাঁকে উদ্ধার করতে গেলে তাঁর কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে কলেজের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ছয়জন শিক্ষক ও কয়েকজন কর্মচারী আহত হয়েছেন। এ পরিস্থিতিতে নির্বাচন স্থগিত এবং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় কলেজের পক্ষ থেকে অজ্ঞাতনামা ৩৫০ থেকে ৪০০ জনকে আসামি করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
রাত নয়টার দিকে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ‘ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনায় অধ্যক্ষের অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’