ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, মেসে হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে একুশের বইমেলায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চের সামনে চেয়ারে বসা নিয়ে বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় দুটি মেস ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

গতকাল বিকেলে হাতাহাতি থেকে শুরু হওয়া এ ঘটনা সংঘর্ষে রূপ নিলে তা রাত পৌনে ১০টা পর্যন্ত চলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছেন ছাত্রলীগের নেতারা।

সংঘর্ষে আহত পাঁচজন হলেন আরিফ, রায়হান, সাব্বির, মনির ও সজীব। তাঁদের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ সামস-উল-আলম বলেন, সংঘর্ষের কারণে সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। পুলিশ ডেকে এনে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

 কলেজ প্রশাসন ও প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থীর ভাষ্যমতে, কলেজ প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে চলতি মাসব্যাপী অমর একুশে বইমেলার আয়োজন করা হয়। এ মেলায় গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলে বিকেল সাড়ে পাঁচটার দিকে দর্শকসারির সামনের চেয়ারে বসাকে কেন্দ্র করে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কে এম মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক আবদুর রউফের সমর্থিত কর্মীদের মধ্যে ঝগড়া হয়। এ সময় আবদুর রউফের সঙ্গে সভাপতির পক্ষের কর্মী মোস্তাকিন রহমানের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে আবদুর রউফের পক্ষের কর্মী আরিফ ও রায়হান নামের দুজন আহত হন। পরে তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে আটটার দিকে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসলাম হোসেন ও বর্তমান সাধারণ সম্পাদক আবদুর রউফের নেতৃত্বে কয়েকটি মোটরসাইকেলে কলেজের পাশে জহুরুল নগর এলাকায় গেলে মোস্তাকিন রহমানের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা তাঁদের ওপর হামলা করে তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এরপর আসলাম-রউফ সমর্থিত কর্মীরা জহুরুল নগর এলাকার জাহানারা ম্যানসন ও রাবেয়া ছাত্রাবাস নামের দুটি মেসে হামলা ও ভাঙচুর করেন। এ সময় একটি মেসে অগ্নিসংযোগেরও চেষ্টা করা হয়। এ ঘটনার পর প্রায় ঘণ্টাব্যাপী দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ পরিস্থিতিতে রাত পৌনে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে সাব্বির, মনির ও সজীব নামে ছাত্রলীগের আরও তিন কর্মী আহত হন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকটি মেসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি এ ঘটনার জন্য কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসলাম হোসেনকে দায়ী করেন। মোস্তাকিন রহমান কলেজ ছাত্রলীগের কর্মী বলেও তাঁর দাবি।

অন্যদিকে জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক ঘটনার জন্য মোস্তাকিন রহমানকে দায়ী করে বলেন, তাঁর কারণেই এ ঘটনা ঘটেছে। বহিরাগত ব্যক্তিদের ডেকে নিয়ে গিয়ে তিনি ছাত্রলীগের কর্মীদের মারধর ও মোটরসাইকেল ভাঙচুর করেছেন। পরে সুযোগসন্ধানী কিছু লোক মেসে হামলা-ভাঙচুর চালিয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটু উত্তেজনা সৃষ্টি হয়েছে। কোনো ভাঙচুর-অগ্নিসংযোগ হয়নি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।