ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে আজ বৃহস্পতিবার ভোরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সংঘর্ষের পর ভাসানী হলের প্রধান ফটকে তালা দেওয়া হয়েছে। হলের ভেতর সাধারণ সম্পাদক অনিন্দ্য বাড়ৈয়ের সমর্থক এবং বাইরে সভাপতি ফয়সাল আহমেদের সমর্থক নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।  

শিক্ষার্থীদের ভাষ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ ভোররাতে হল শাখা ছাত্রলীগের সভাপতির সমর্থক কর্মীদের ওপর রড, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান সাধারণ সম্পাদকের সমর্থক নেতা-কর্মীরা।

এতে সভাপতির সমর্থক অন্তত ১০ নেতা-কর্মী আহত হন। আহত শিক্ষার্থীদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সভাপতির সমর্থক নেতা দিদারুল আলম দাবি করেন, সাধারণ সম্পাদকের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান।

ঘটনার বিষয়ে সাধারণ সম্পাদক অনিন্দ্য বাড়ৈয়ের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা বলেন, ‘দুই পক্ষকে নিয়ে আমরা আলোচনা করছি। সমস্যার সমাধান দ্রুত হবে বলে আশা করি।’