ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের মাধ্যমে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও শহরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের জন্য জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন ও সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজের নেতৃত্বে নেতা-কর্মীরা দুপুর সাড়ে ১২টার দিকে শহরে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের দিকে যাওয়ার পথে শহরের নরেশ চৌহান সড়কের কাছে ছাত্রলীগের (বিদ্রোহী গ্রুপের সভাপতি) জি এম সিরাজী ও সৌরভ চন্দ্র দাসের নেতৃত্বে কিছু নেতা-কর্মী তাঁদের ধাওয়া দেন। সেই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন বলেন, ‘ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন নিয়ে কোনো গ্রুপিং থাকতে পারে না। সবাইকে নিয়েই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে আওয়ামী লীগ অফিসের দিকে যাচ্ছিলাম। পথে বঙ্গবন্ধুর আদর্শবিরোধী একটি পক্ষ আমাদের ওপর হামলা চালায়।’
জি এম সিরাজী বলেন, ‘এ কমিটি তৃণমূল ছাত্রলীগের প্রতিনিধিত্ব করে না। আমরাই ছাত্রলীগের প্রকৃত কমিটি। অবৈধ কমিটির লোকজন আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে আমরা তাদের প্রতিরোধ করি।’
ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত বছরের ১৯ জুলাই ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন। সেখানে মাহাবুব হোসেনকে সভাপতি ও সানোয়ার পারভেজকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। ঘোষিত জেলা ছাত্রলীগের কমিটি প্রত্যাখ্যান করে ছাত্রলীগের একটি পক্ষ ২৮ জুলাই জি এম সিরাজীকে সভাপতি ও সৌরভ চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটির ঘোষণা করে।