ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ভোলার চরফ্যাশন সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে বরিশাল ও ঢাকায় নেওয়া হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় চরফ্যাশন থানায় একপক্ষ ১৩ জনকে আসামি করে মামলা করেছে। তবে চরফ্যাশন উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতারা জানান, ঘটনার দায়ভার নেবে না ছাত্রলীগ।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোয়াইব হোসেন ওরফে আল আমিন বলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষক মো. সোলায়মান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ওরফে সোহাগের বিরোধ পুরোনো। তাঁরা নিজ স্বার্থ উদ্ধারে ছাত্রলীগকে ব্যবহার করছেন। একই কথা বলেন চরফ্যাশন কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের এইচএসসি ফলপ্রত্যাশী মো. নজরুল ইসলাম হঠাৎ করেই মো. সোলায়মানের পক্ষ ত্যাগ করে মহেদী হাসানের পক্ষে যোগ দেন। সম্প্রতি নজরুল ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সোলায়মান এতে ক্ষিপ্ত হয়ে নজরুলকে ক্ষমা ও স্ট্যাটাস ডিলিট করতে বলেন। নজরুল ক্ষমা না চাওয়ায় সোলায়মান ও তাঁর লোকজন গত বুধবার রাতে নজরুলকে মারধর করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে যান। সেখানে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা গতকাল বৃহস্পতিবার বিচারের দিন ধার্য করেন। কিন্তু মেহেদী হাসান পক্ষ ছাত্রলীগের একপক্ষকে সঙ্গে নিয়ে সোলায়মানের পক্ষের ওপর হামলা করেন। গত বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চরফ্যাশন হাসপাতাল ও থানা সড়কে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া–পাল্টাধাওয়া, সংঘর্ষ হয়। এতে আহত হন ১৩ জন। এ সময় একাধিক দোকান ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। রাত ১১টার দিতে সোলায়মান পক্ষ মেহেদী হাসান সোহাগকে থানা সড়কে সেতুর কাছে কুপিয়ে জখম করেন। তাঁকে প্রথমে ভোলা ও পরে ঢাকায় নেওয়া হয়।

মেহেদী হাসান পক্ষ গতকাল সকাল ১০টার দিকে শরীফপাড়ার কাছে সোলায়মান পক্ষের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জু পঞ্চায়েতকে কুপিয়ে জখম করে। তিনি এখন বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।

মেহেদী হাসান বলেন, মো. সোলায়মান তাঁর লোকজনকে পিটিয়ে জখম করেছেন। মো. সোলায়মান বলেন, আওয়ামী লীগ নেতারা নজরুলের বিচার করবেন বলে সময় নির্ধারণ করেছিলেন। মেহেদী হাসান পক্ষ সে নির্দেশ উপেক্ষা করে হামলা করেছে।