ঢাকা কলেজের ছাত্রাবাসে গতকাল বুধবার ভোরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কলেজের ইন্টারন্যাশনাল হোস্টেলের ছাত্রলীগের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে উত্তর ছাত্রাবাসে গেলে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে নর্থ হলের লেনিন, রানা, মাইনুল, আমিনুল, সাদ্দামসহ ১৫ জন আহত হন। এঁদের মধ্যে সজল, রনি ও লেনিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুই পক্ষই ছাত্রলীগের নেতা সোহেলের অনুসারী।
ঢাকা কলেজের একটি সূত্র জানায়, ফুটপাত ও আশপাশের দোকান থেকে চাঁদাবাজির টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
যোগাযোগ করা হলে সোহেল রানা প্রথম আলোর কাছে দাবি করেন, দুই দিন ধরে তিনি গ্রামের বাড়িতে। পরে ফোনে ঘটনার বিষয়ে জেনেছেন। তিনি বলেন, রাসেল, লেনিন, জামালসহ অন্যরা ক্যাম্পাসে জুনিয়রদের সঙ্গে খারাপ ব্যবহার করার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে বলে তিনি শুনেছেন।
উত্তর হলের আবাসিক ছাত্র ও ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী জামাল উদ্দীন বলেন, তাঁরা সবাই ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের অনুসারী। সোহেল রানা পক্ষের সোহেল, আশরাফুল, সৈকত, সুমন, রহমত উল্লাহর নেতৃত্বে বহিরাগতরা তাঁদের ওপর হামলা চালায়। তারা চার-পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর ও কক্ষের জিনিসপত্র লুটপাট করেছে।
এ ব্যাপারে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, অন্তর্দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো পক্ষই পুলিশের কাছে অভিযোগ করেনি।