ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন কর্মী গুরুতর আহত হন। গত সোমবার রাতে জামিলুর রেজা ছাত্রাবাসে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মাকসুমুল হক বলেন, সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুর ১২টায় একাডেমিক কাউন্সিল জরুরি বৈঠকে বসে। বৈঠকে সার্জারি বিভাগের প্রধান শরফুজ্জামানকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, জামিলুর রেজা ছাত্রাবাসের নিয়ন্ত্রণ নিয়ে সভাপতি ইমরান হোসেনের সঙ্গে সাধারণ সম্পাদক ইয়াহিয়া সেতু পক্ষের দ্বন্দ্ব চলছিল। ওই ঘটনার জের ধরে তাঁদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ইয়াহিয়া সমর্থক দুই ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হন। আহত কর্মীরা হলেন ৪২তম ব্যাচ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থী নাসিরউদ্দিন ওরফে শ্রাবণ এবং নাসিম উদ্দিন। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

ছাত্রাবাসের সভাপতি ইমরান হোসেন বলেন, ‘আমি হামলা করিনি। উল্টো আমার ওপর হামলা করা হয়েছে।’ তিনি দাবি করেন, সোমবার রাতে খাবার খেয়ে ছাত্রাবাসে যাওয়ার সময় সাত-আটজনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। পরে তাঁর চিৎকারে সাধারণ শিক্ষার্থীরা বেরিয়ে এসে হামলাকারীদের গণপিটুনি দেয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখায়াত হোসেন প্রথম আলোকে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।