ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে হল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গত রোববার রাতে শহরতলির আলুরতল এলাকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
ছাত্রলীগের দুই পক্ষের একাধিক নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের আবাসন নিয়ে কয়েক দিন ধরেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ঋত্বিক দেবের অনুসারীদের মধ্যে মহড়া ও পাল্টা মহড়া চলে আসছিল। এরই জের ধরে রোববার রাত সাড়ে নয়টায় রামদা, হকিস্টিক নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছাত্রলীগ কর্মী আরিফ, নিলয়, ফরিদ, সৌরভ, তানভীরসহ অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত আটজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে এ সংঘর্ষকে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল নয় বলে দাবি করেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই। সাধারণ সম্পাদক ঋত্বিক দেব বলেন, হলে আসনবিন্যাস নিয়ে জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কোন্দল হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের কোনো বিরোধ না এটি।
সভাপতি শামীম মোল্লা বলেন, নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের হলে আবাসন ব্যবস্থা নিয়ে জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়েছে।
শাহপরান থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো অভিযোগ দেয়নি থানায়।