
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সকালে ও দুপুরের ওই ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আহত কর্মীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। এঁদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। এদিকে এ ঘটনায় মেডিকেল কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
সোনাডাঙ্গা থানা, প্রত্যক্ষদর্শী ও মেডিকেল কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর একান্ত সচিব নমিতা হালদার গতকাল সকালে কলেজ ও হাসপাতাল পরিদর্শনে আসেন। এ উপলক্ষে খুলনা মেডিকেল কলেজে তাঁর সংবর্ধনার আয়োজন করা হয়। এই আয়োজনকে কেন্দ্র করে সকাল ১০টার দিকে কলেজ ক্যানটিনে খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি সাইফুল্লাহ মানসুরের পক্ষের কর্মীদের সঙ্গে সাধারণ সম্পাদক সাইদুর রহমানের পক্ষের কর্মীদের হাতাহাতি ও মারামারি হয়। এ সময় সচিব হাসপাতাল তত্ত্বাবধায়কের কক্ষে ছিলেন।
পরে বেলা একটার দিকে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা শুরু হলে কলেজের দুই নেতা সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের দুই নেতাকে খবর দেন। এতে সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে যোগ দেয়। সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি জনি বসু সাইফুল্লাহর কর্মীদের সঙ্গে নিয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সাইদুরের পক্ষের ওপর হামলা চালান। এ সময় থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমান আহমেদ সাইদুরের সঙ্গে যোগ দেন। এরপর কয়েক দফা দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজ ও হাসপাতাল ভবনের বিভিন্ন কক্ষের জানালা ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। কলেজ ক্যাম্পাস ও হাসপাতালের বিভিন্ন কক্ষে দুই পক্ষের সংঘর্ষের সময় আবিদ, রাজিবুল্লাহ, ফাহমিদ, সনৎ কুমার, প্রমোদ, নাইম, জয়সহ ২০-২৫ জন কর্মী গুরুতর আহত হন। তাঁদের মধ্যে ১০ জনকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমান আহমেদ অভিযোগ করেন, ‘বিষয়টি মীমাংসার জন্য ক্যাম্পাসে গেলে থানা সভাপতি জনি বসুর নেতৃত্বে কিছু কর্মী আমাদের ওপর হামলা চালায়।’ তবে অভিযোগ অস্বীকার করে জনি বসু বলেন, ‘মেডিকেল কলেজে মারামারি হচ্ছে শুনে আমি গিয়েছি। তবে আমি নিজে মারামারিতে অংশ নেইনি।’
খুলনা নগরের সোনাডাঙ্গা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, সংঘর্ষের ঘটনায় ২৪ জনের নামসহ দেড় শ জনকে আসামি করে ছাত্রলীগের এক পক্ষ একটি মামলা দায়ের করেছে। মামলার বাদী মেডিকেল কলেজের ছাত্র বিভাস চন্দ্র দাশ। মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল বলেন, ‘সংঘর্ষের পর কেন্দ্রের সঙ্গে কথা বলে কলেজ ছাত্রলীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছি। এখানে এখনো কোনো কমিটি নাই। পরে ভালো ছেলেদের নিয়ে এখানে কমিটি দেওয়া হবে।’